টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়ন সেলের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে এ কর্মশালা আয়োজন করা হয়।
“অ্যাক্রেডিটেশন মানদণ্ড ও প্রমাণ প্রস্তুতি” শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব। এজন্য শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, শুধু নীতিমালা জানা যথেষ্ট নয়, সঠিকভাবে নথিপত্র সংরক্ষণ ও প্রমাণ প্রস্তুত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়ন সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, স্ব-মূল্যায়ন কমিটির সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। কর্মশালায় অ্যাক্রেডিটেশন মানদণ্ড, নথিপত্র সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়ন সেলের পরিচালক জানান, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তা অনুসরণে উৎসাহিত করে।











