মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে এক শিশুকে নিচে ছুড়ে ফেলে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার গোড়াই ভানুয়াবহ এলাকা থেকে ওই অজ্ঞাত শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই শিশুটি বর্তমানে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত থাকায় তার পরিচয় জানা সম্ভব হয়নি।
ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভানুয়াবহ এলাকায় দ্রুতগতিতে একটি ট্রেন যাওয়ার সময় ছাদ থেকে অজ্ঞাত কোনো ব্যক্তি শিশুটিকে নিচে ফেলে দেয়। ঘটনাটি দেখামাত্রই স্থানীয় লোকজন দ্রুত ছুটে যান এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে শিশুটিকে স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
পরিচয় শনাক্তে দেশবাসীর সহযোগিতা কামনা উদ্ধারের পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির পরিচয় কিংবা তার পরিবারের কোনো সন্ধান মেলেনি। ঘটনার আকস্মিকতায় শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ট্রমার মধ্যে রয়েছে।
এই অমানবিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে তার মা-বাবার বুকে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
জরুরি তথ্য: শিশুটিকে যদি কেউ চিনে থাকেন বা তার পরিবারের কোনো সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত স্থানীয় প্রশাসন অথবা নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।











