মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে চুরির অপবাদ দিয়ে ফরিদ মিয়া নামে এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার সহোদর ভাই জিসানও হামলার শিকার হন। আহত দুই ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি গত ২০ জুন বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের সেবার মাঠ এলাকায় ঘটে।
এ ঘটনায় আহত ফরিদ মিয়ার মা ফুলমতি বেগম বাদী হয়ে গত ২৬ জুন টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। মামলায় উপজেলার পাঁচগাঁও নিশ্চিন্তপুর গ্রামের নয়েজ মিয়ার ছেলে মুকুল মিয়া, লাভলু মিয়া ও বাবুল মিয়াকে আসামি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে ফরিদ মিয়াকে মারধর করা হয়। খবর পেয়ে তার ভাই জিসান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে শনিবার (২৭ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসী সেবার মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বন বিভাগের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ তুলে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানান।
সমাবেশে আমিনুর মাস্টার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, ফজলু শিকদার, কদ্দুস শিকদার, কাবেল শিকদার, ছানোয়ার হোসেন এবং ইউপি সদস্য আব্দুল কাদের শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন দাবি করেন, অভিযুক্ত মুকুল মিয়া অতীতেও সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন অভিযোগ করেন, মুকুল মিয়া বন বিভাগের জমি দখল করে দোকান নির্মাণ করেছেন এবং সেখান থেকেই বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। তিনি অবৈধ দোকানটি উচ্ছেদের দাবি জানান।
এ বিষয়ে বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের হাটুভাঙ্গা বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বন বিভাগের জমিতে দোকান নির্মাণের সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।











