খবর বাংলা ডেস্ক :
আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশে টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তকে যথাযথ ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তও সঠিক বলে মনে করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের নেওয়া সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা স্বাভাবিক ও যৌক্তিক। তিনি এ পরিস্থিতিকে নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে তুলনা করে বলেন, প্রতিটি অ্যাকশনের একটি রিঅ্যাকশন থাকে এবং সরকার সেই প্রতিক্রিয়াই দেখিয়েছে। তবে এতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে একজন প্রতিষ্ঠিত ও মানসম্পন্ন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। মুস্তাফিজ কোনো সাধারণ খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সেরা বোলার। বিষয়টি সবাই জানে এবং ভারতীয়রাও তা স্বীকার করে। তাই বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়াকে তিনি ‘সম্পূর্ণ দৃঢ় ও উপযুক্ত’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কেউ যদি এই ধরনের সিদ্ধান্তের সূচনা করে, তাহলে তার একটি প্রতিক্রিয়া হবেই। এটিই নিউটনের সূত্রের বাস্তব প্রয়োগ। সরকার সেই জায়গা থেকেই অবস্থান নিয়েছে।
এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিদ্ধান্তগুলো ঘিরে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











