খবরবাংলা ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লোহার রড, করাত কাটার চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটার চাকু এবং চারটি মোবাইল ফোন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাসনাইন হাসান নামে একজন রয়েছেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে। তাঁর চক্রে দুই কিশোর ও এক নারী সদস্যও রয়েছেন।
পুলিশ জানায়, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীর স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতেন। এ ছাড়া নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের ব্যাগ থেকেও জিনিসপত্র চুরি করতেন তাঁরা।
রাজধানীতে ছিনতাই প্রতিরোধ ও অপরাধীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











