খবর বাংলা ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযানের প্রথম ধাপে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং দুটি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে পুনরায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











