খবর বাংলা ডেস্ক :
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বিষয়টি রবিবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। বঙ্গভবন সূত্র জানায়, দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে।
নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদীয় বোর্ডের সভা করে নেতা নির্বাচন করবে। পরে দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়।











