খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রক্ষমতায় আসার পর সরকারের প্রথম ছয় মাসে সরকার ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে ঘিরে অনলাইনে ৪৬৪টি অপতথ্য ছড়ানো হয়েছে। এসব অপতথ্যের প্রায় ৯১ শতাংশই ছিল সরকারবিরোধী বা নেতিবাচক বার্তাসমৃদ্ধ।
অনলাইন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত এসব অপতথ্য শনাক্ত করা হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের প্রথম ১৮০ দিনে সরকার, এর নেতৃত্ব, মন্ত্রী-উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সহকারী ও সংসদ সদস্যদের ঘিরে এসব অপতথ্য ছড়ানো হয়েছে।
এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সহকারী ও সংসদ সদস্যদের ঘিরে অন্তত ২৬২টি অপতথ্য শনাক্ত হয়েছে। এসব অপতথ্যের প্রায় ৯৯ শতাংশই ছিল নেতিবাচক।
রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সবচেয়ে বেশি ১৫৭টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর প্রায় ৭৮ শতাংশ ছিল নেতিবাচক। এসব কনটেন্ট ছড়াতে ব্যঙ্গাত্মক পোস্ট, ভুয়া বক্তব্য, গণমাধ্যমের আদলে তৈরি নকল ফটোকার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পুরনো ছবি ও ভিডিও ব্যবহারের মতো বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে ঘিরে শনাক্ত অপতথ্যের মধ্যে সার্কাজম পেজের পোস্ট ছিল ৩৪টি, ভুয়া বক্তব্য ৩০টি এবং গণমাধ্যমের আদলে তৈরি নকল ফটোকার্ড ২২টি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট ১৯টি, পুরনো ছবি-ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে সাতটি এবং সম্পাদিত ছবি ব্যবহার করে পাঁচটি অপতথ্য ছড়ানো হয়েছে।
মন্ত্রী, উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁকে ঘিরে শনাক্ত ৪৮টি অপতথ্যই ছিল নেতিবাচক। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ৩৩টি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে ২৬টি অপতথ্য শনাক্ত হয়েছে।
এ ছাড়া হাফিজ উদ্দিন আহমদকে ঘিরে ২৩টি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীকে ঘিরে ১৬টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঘিরে ১৫টি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে ১৪টি করে অপতথ্য পাওয়া গেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে ঘিরে ১১টি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ঘিরে আটটি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ঘিরে সাতটি অপতথ্য শনাক্ত হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে ঘিরে ছয়টি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ঘিরে পাঁচটি, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে চারটি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ঘিরে তিনটি অপতথ্য শনাক্ত করা হয়েছে।
সরকারের নারী নেত্রী ও সংসদ সদস্যরাও অপতথ্যের লক্ষ্য হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে চারটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী আফরোজা খানম রিতাকে ঘিরে একটি অপতথ্য শনাক্ত হয়েছে।
সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন ফজলুর রহমান। তাঁকে ঘিরে ১৬টি অপতথ্য শনাক্ত হয়েছে। এ ছাড়া লুৎফুজ্জামান বাবরকে ঘিরে পাঁচটি, মানসুরা আলমকে ঘিরে তিনটি এবং বরকতউল্লা বুলু, মনিরুল হক চৌধুরী, শাহাদাত হোসেন সেলিম ও নিলোফার চৌধুরী মনিকে ঘিরে দুটি করে অপতথ্য পাওয়া গেছে।
রিউমার স্ক্যানারের তথ্য বলছে, সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে ভুয়া বক্তব্য, নকল ফটোকার্ড, পুরনো কনটেন্ট, ব্যঙ্গাত্মক পোস্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্ট—সব ধরনের কৌশলই ব্যবহার করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











