খবর বাংলা ডেস্ক :
জুলাই আন্দোলন চলাকালে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আংশিক মঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











