খবর বাংলা
,
ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নেওয়ায় মাহফিলটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হজরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাহফিলে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির, যিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আয়োজকদের বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, জেলায় যেকোনো মাহফিল বা ওরস আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসকের পূর্বানুমতি নিতে হয়। কিন্তু উক্ত মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
তিনি আরও জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেহেতু মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি সংসদ সদস্য পদপ্রার্থী, তাই ভোটের আগে ওয়াজ মাহফিল আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় মাহফিলটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











