খবর বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে নতুন আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৫২৪ জনের শরীরে।
এছাড়া, এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬৪৫ জন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











