খবরবাংলা
,
ডেস্ক
সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটির তথ্যমতে, গত বছর সারা দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন, আর আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।
রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু সড়কই নয়—২০২৫ সালে রেলপথেও ঘটেছে ৫১৩টি দুর্ঘটনা, এতে নিহত হয়েছেন ৪৮৫ জন এবং আহত হয়েছেন ১৪৫ জন। এছাড়া নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫৮ জনের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, দেশে পরিবহন খাতে দুর্ঘটনা কমাতে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ জরুরি। এ জন্য ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনসহ প্রতিটি নীতিগত সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, নির্বাচনী ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া উচিত। তা না হলে প্রতি বছরই সড়ক, রেল ও নৌপথে প্রাণহানির এই মর্মান্তিক চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











