খবরবাংলা ডেস্ক :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।
এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা শেষে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যারা নির্ধারিত পরীক্ষা দিতে পারেনি বা পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।
একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।
প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দিতে হবে।
চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে।
পরীক্ষা কেন্দ্রে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা অযথা মানসিক চাপে না পড়ে।
শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










