নিজস্ব প্রতিবেদক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত নেতাকর্মী ও ফরহাদ ইকবালের সমর্থকগণ এই মিছিলে অংশ গ্রহণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রকম জ্বালাময়ী স্লোগান দিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা- “গোপালগঞ্জের গোলাপী, আর কতকাল জ্বালাবি?” “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর।” “ডাক দিয়েছেন ফরহাদ ভাই, ঘরে থাকার সময় নাই।” ফরহাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।” স্লোগানে শহরের প্রতিটি সড়ক প্রকম্পিত করে। মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকেলে (২৬ নভেম্বর) টাঙ্গাইল শহরের বেপারী পাড়া থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির বহিষ্কৃত সভাপতি মেহেদী হাসান আলিম ও এডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, ছাত্রদল নেতা নেতা ইমন, রাকিব, রানা ও হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিত ভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো ইনশাআল্লাহ। কোন সন্ত্রাস ও নৈরাজ্যেকারীর জায়গা এই বাংলাদেশে হবে না। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করলে ২৩ ডিসেম্বরের মধ্যে তার ফাঁসির রায় কার্যকর করা হবে।










