খবর বাংলা ডেস্ক :
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসের একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে অবস্থিত ৯ কাঠা জমির একটি প্লট। পাশাপাশি ১২ বিঘা জমিও জব্দের আদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে স্থাবর সম্পদ জব্দ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











