কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক গৃহবধূকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার সিলিমপুর চাটিপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাতে অভিযুক্ত রাজু আহম্মেদ একই এলাকার এক গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগীর কিছু ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ওই নারীকে এক স্থানে রেখে অভিযুক্ত ব্যক্তি চলে যান। পরবর্তীতে তিনি পরিবারের সহায়তায় বাড়িতে ফিরে যান।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্ত যুবক ধারণকৃত ছবি ও ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীকে হুমকি দিতে থাকেন। সামাজিক মর্যাদার বিষয় বিবেচনায় নিয়ে প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি মিলের সামনে ওই ছবি ও ভিডিও দেখাতে শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।











