খবর বাংলা ডেস্ক :
টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে পেঁয়াজ ও চালের দাম কিছুটা কমলেও মসুর ডালের দাম বেড়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের কারণে বুট, ছোলা, মুগ ডালের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বাড়ায় সবজির দাম কমে গেছে। মাছ-মাংস, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।
টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজার, আমিন বাজার ও সন্তোষ বাজার থেকে জানা গেছে, বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়ায় কেজি প্রতি দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আমদানি করা নাজিরশাইল চালের দামও কমেছে, প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা। দেশি নাজিরশাইলের দাম এখনও ৮৫ টাকার আশপাশে। তবে মিনিকেট চালের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে।
বাজারে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে ১৬০ থেকে ১৬৫ টাকা, আর মোটা দানার মসুর ডালের দাম ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রকারভেদে প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা, ফুলকপি ও বাধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কুমড়া, মুলা, পেপে, শালগম, ব্রুকলি সহ অন্যান্য সবজির দাম ৬০ টাকার নিচে। আলুর দামও কমেছে, প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা।
রোজা উপলক্ষে সুগন্ধি চালের দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি সর্বোচ্চ খুচরা মূল্য এখন ১৭৫ টাকা। ব্রয়লার মুরগির দাম গত দুই সপ্তাহ স্থিতিশীল, প্রতিকেজি ১৮০ থেকে ১৮৫ টাকা। ডিমের দাম বাজারভেদে প্রতি ডজন ১১০ থেকে ১২০ টাকা।











