খবর বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের নির্বাচন প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি বলেন, এই তিন আসনের প্রায় ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান ক্যাম্প কমান্ডার। তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে যাচাই ছাড়া তা প্রচার না করাই ভালো। পাশাপাশি নির্বাচনে প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করবে বলেও জানান তিনি। কোথাও ঝুঁকি মনে হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাতে সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











