টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় সংলগ্ন শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে তার পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। পরে গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ছাত্রনেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।











