খবর বাংলা ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর করে, পরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আমাজেদ সরদার বলেন, খবর পেয়ে এসে দেখা যায় অফিসের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে। তিনি ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











