খবর বাংলা ডেস্ক :
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৬ মিনিটে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু এবং তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।
তথ্য সূত্র : যমুনা টিভি











