মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সচেতন জনতা। গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন মনির মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের মৃত মিন্নত মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪০) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার মোড়ান গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মোছাঃ পিংকি আক্তার (২৪)।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্তরা মাদক বিক্রির উদ্দেশ্যে নতুন বাজারের আমগাছ তলায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে নাগরপুর থানার এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের নিজ হেফাজতে নেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জয়নাল আবেদীনের পরিহিত প্যান্টের পকেট থেকে ১০ পিস এবং পিংকি আক্তারের ভ্যানেটি ব্যাগ থেকে ১০ পিসসহ মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে মামুদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে জানান, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সাধারণ মানুষের এই সচেতনতা আমাদের মাদক নির্মূল অভিযানকে আরও সহজ করবে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাগরপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলবে।”











