খবর বাংলা ডেস্ক :
যশোরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নানির আপন ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশু যশোর শহরে তার নানিবাড়িতে থেকে লেখাপড়া করত।
সোমবার রাত ৯টার দিকে নানির আপন ভাই হাফিজুল (৪০) বেড়ানোর কথা বলে শিশুটিকে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন আফজালের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল ৭টার দিকে তাকে হাসপাতালের তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা জানান, শিশুর ভ্যাজাইনাল ইনজুরি লক্ষ্য করা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং মেডিক্যাল প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
জানা গেছে, অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ এলাকায় জনৈক আফজালের বাড়ির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। ঘটনার পর থেকেই হাফিজুল পলাতক রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হাফিজুলকে আটকে চেষ্টা চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











