ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তা থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. সেন্টু (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৯ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবির (৫৮) জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। এ সময় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তার পাশে পার্ক করে রেখে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান গাড়িটি সেখান থেকে চুরি হয়ে গেছে।
পরে ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে ঘাটাইল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত সন্দেহে মো. সেন্টুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, একই চুরির ঘটনায় এর আগে গত ২ মার্চ লালমনিরহাট জেলার আব্দুল কাদের (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মামুন আহমেদ (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











