খবর বাংলা ডেস্ক :
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে একটি অজগর সাপ কৃষকের একটি ছাগল গিলে ফেলেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।
পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। পরে ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান।
এ সময় তিনি বিষয়টি কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করেন।
অজগর সাপটি আস্ত ছাগল গিলে ফেলেছে—এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার শখের ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগলটি গিলে ফেলার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











