খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এগুলোর মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজন বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরবর্তী প্রশ্নে এমপি জাহাঙ্গীর হোসেন টেকনিক্যাল/ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে, শিক্ষামন্ত্রী জানান, ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের মাধ্যমে প্রতি উপজেলায় একটি করে প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। তবে ঢাকা মহানগর এলাকায় এখনো সরকারিভাবে নতুন টেকনিক্যাল/ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেই।
তবে পূর্বাচলে একটি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জমি বরাদ্দের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। জমি বরাদ্দ মিললে এই দুই প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











