খবর বাংলা ডেস্ক :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানিয়েছেন, স্বৈরাচার সরকারের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতা কর্মসূচিতে যেসব অনিয়ম ও স্বজনপ্রীতি ছিল, সেগুলো দূর করে প্রকৃত সুবিধাভোগীদের ভাতা নিশ্চিত করার জন্য তালিকা সংশোধন করা হবে। তিনি জানান, ইতিমধ্যে পুনঃযাচাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং মনগড়া বা অবৈধ কর্মসূচিগুলো সংশোধন করা হবে।
রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সমাজকল্যাণ বিভাগের ভাতার তালিকা পুনঃযাচাই করা হচ্ছে যাতে প্রকৃত উপকারভোগীরা সুবিধা পান। ফ্যামিলি কার্ডের উদাহরণ তুলে তিনি জানান, ১৪টি ইউনিটে কাজ শুরু হয়েছে এবং সেখানে অনিয়ম চিহ্নিত করে সমাধানের দিকে এগোচ্ছে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, তালিকা সংশোধনের জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, যা যাচাই-বাছাই করে নিশ্চিত করবে যে, কার্ড ও সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছায়। সরকারের মূল লক্ষ্য হল প্রকৃত সুবিধাভোগীদের জীবনমান উন্নয়ন করা।
ফারজানা শারমিন সংসদে উল্লেখ করেন, এই ভাতা কর্মসূচি প্রথম চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তী সরকারগুলো এটি বাস্তবায়ন করেছে। তবে অতীতে তালিকায় স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছিল, যা বর্তমান সরকার সমাধান করতে কাজ করছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











