খবর বাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে ভারত ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে। বিষয়টি এখন পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের ফেরত আনার বিষয়েও দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব মিশন সার্বক্ষণিক কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে রয়েছেন। তারা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এছাড়া ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।











