খবর বাংলা ডেস্ক :
ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিদের ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এসময় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়, যা স্বাধীনতা যুদ্ধের সূচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি আরও বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের আত্মত্যাগের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং জাতি তাদের অবদান চিরদিন স্মরণ করবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











