খবর বাংলা ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যত সংকটই থাকুক না কেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন, তবে দুর্নীতির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
রবিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এ এক্সপোর আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও যদি শুধু পরিকল্পনার কথাই বলা হয়, তাহলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত ১১ দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











