খবর বাংলা ডেস্ক :
পশ্চিম এশিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে পরিবর্তন এসেছে। মূল পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের মরুভূমিতে একটি বড় অ্যাকশন সিকোয়েন্স শুট করার কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে পরিচালক সিদ্ধার্থ আনন্দ আন্তর্জাতিক শুটিং বাতিল করেছেন।
এখন পুরো সিকোয়েন্স মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট তৈরি করে শুট করা হবে। নির্মাতারা জানিয়েছেন, স্টুডিও শুটিংয়ের মাধ্যমে অ্যাকশন এবং আলো নিয়ন্ত্রণে আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হবে।
এই সিকোয়েন্সে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খান এবং অনিল কাপুরকে। দৃশ্যটি হাই-অকটেন ধাওয়া ও তীব্র অ্যাকশন লড়াই দিয়ে শুরু হবে।
ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০২৫ সালের মে মাসে এবং ইতিমধ্যেই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে বড় অংশের কাজ শেষ হয়েছে। একটি জেল সিকোয়েন্সে প্রায় ২০০ জন স্টান্টম্যান অংশ নিয়েছেন, যা ছবির বিশাল অ্যাকশন স্কেল তুলে ধরে।
শুটিং চলাকালীন চ্যালেঞ্জও কম ছিল না। ২০২৫ সালের জুলাইয়ে একটি অ্যাকশন দৃশ্যে শাহরুখ খান আহত হন, যার জন্য তাকে চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল এবং প্রায় ছয় সপ্তাহ শুটিং বন্ধ ছিল।
ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লাসহ আরও অনেকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি বড়দিনে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডাংকি’ ছবিতে, যা পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











