খবর বাংলা ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বিষয় গোপনীয়তার কারণে এখন প্রকাশ করা সম্ভব নয়, তবে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।’
রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই এবং জ্বালানি আমদানিতে সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











