মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে তোলা সিসা ও কয়লা তৈরির দুটি কারখানা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের পালের টেকি ও মহিষবাথান গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের উপপরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, হিসাবরক্ষক কর্মকর্তা সোহাগ তালুকদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি পালের টেকি এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন এবং মহিষবাথান এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গড়ে তোলেন। এসব কারখানার কার্যক্রমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।
খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে কারখানা দুটি ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











