কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এনামুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈমসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমছে এবং এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তারা আরও বলেন, সঠিকভাবে উন্নত জাতের বীজ ও সার ব্যবহার করলে আউশ, পাট ও তিলের ফলন আরও ভালো হবে।
কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।











