খবর বাংলা ডেস্ক :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২২৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ১৬৪ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ২২৯ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হামের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











