খবর বাংলা ডেস্ক :
শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিচ্ছবি উপহার দেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া।
বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের এই শুভেচ্ছা বিনিময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











