খবর বাংলা ডেস্ক :
দেশের ৯টি জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাতে দেওয়া আরেক পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে। বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা জনমনে উদ্বেগ তৈরি করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রবৃষ্টির সময় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা হাওরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে কিছু নির্দেশনাও দিয়েছে। এর মধ্যে রয়েছে— বজ্রধ্বনি শোনা মাত্রই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং শেষ বজ্রধ্বনির পর অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











