খবর বাংলা ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
দুই পক্ষের আলোচনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়। এ সময় উভয়ই মত প্রকাশ করেন যে দুই দেশের নতুন সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি জনগণের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী। তিনি দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকার অনুযায়ী পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার ভূমিকার প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











