খবর বাংলা ডেস্ক :
জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত আসা ২০৮ জন প্রবাসী ‘জুলাই যোদ্ধাকে’ কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। পরে তিনি জানান, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ মোট ২০৮ জনকে সরকার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও জানান, আন্দোলনে অংশগ্রহণের কারণে প্রবাসে নির্যাতনের শিকার হওয়া এসব শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও স্বীকৃতি না দেওয়ার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











