টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাস এলাকার ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











