ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা-এ ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের রবিউল, ভূঞাপুরের কোকাদাইর গ্রামের মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি উপজেলার শামশৈল গ্রামের শাহ আলম ও মাসুদ। এলাকাবাসীর দাবি, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘাটান্দি এলাকার একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়ে পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার লোহার যন্ত্র, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।











