টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের টাঙ্গাইল সদর উপজেলা-এর গালা ইউনিয়নের শিবপুর গ্রামে একটি সাইনবোর্ডবিহীন কারখানায় ভেজাল ডিজেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত প্রায় চার মাস ধরে আনোয়ার নামে এক ব্যক্তি কারখানাটি পরিচালনা করছেন।
অভিযোগ অনুযায়ী, কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পরিবেশ অধিদফতর-এর কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। সেখানে বিভিন্ন ইন্টারনেট তার, প্লাস্টিক ও রাবার পুড়িয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ডিজেল সদৃশ জ্বালানি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উৎপাদিত এই জ্বালানি বোতল ও ড্রামে ভরে বিভিন্ন ব্র্যান্ডের নামে কম দামে বাজারজাত করা হচ্ছে। এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, এই ডিজেলের রঙ কিছুটা লালচে এবং বাজারদরের তুলনায় ২০-৩০ টাকা কম হওয়ায় অনেকেই তা বিক্রি করছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানা থেকে নির্গত বর্জ্য ও ধোঁয়ার কারণে আশপাশের গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কারখানার মালিক আনোয়ার অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি অনুমোদন নিয়েই কারখানা পরিচালনা করছেন।
স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে কারখানার গেট বন্ধ পান। পরে খোঁজ নিয়ে অবৈধ জ্বালানি তৈরির তথ্য পান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে পরিবেশ অধিদফতর টাঙ্গাইল-এর উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।











