টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় রোগী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন ও হিসাব রক্ষক এস এম তারিকুল হাসানাত।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ১১ লাখ টাকা এবং অসহায় ব্যক্তি ও দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।











