নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা-এ থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী চিরুনি অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (১৫ মে ) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাগরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত সময়ে এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ’র নেতৃত্বে একটি বিশেষ টিম তেবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান ও কনস্টেবল কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানকালে তেবাড়িয়া বাজারস্থ সেন্টু মিয়ার মুদি দোকানের সামনে থেকে খাষ ঘুণিপাড়া গ্রামের মৃত মিয়াচাঁন মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৩)-কে ৪৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে খাষ ঘুণিপাড়া, তেবাড়িয়া, সলিমাবাদসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
একই রাতে পৃথক আরেকটি অভিযানে বাড়ীগ্রাম এলাকা থেকে আফজাল মিয়ার ছেলে সুমন (৩০)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন,“মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”











