খবর বাংলা ডেস্ক :
জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ জন্য প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেওয়া জরুরি।
মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ বা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসা সহজ হবে।
তিনি বলেন, শুধু জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। বিগত দেড় দশকে জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে অধিকারের প্রতিফলন প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ তত সহজ হবে। অনলাইনভিত্তিক সেবা নিশ্চিত হলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











