টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে ভেজাল ডিজেল উৎপাদন ও অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর গ্রামের বেলটিয়াবাড়ী এলাকায় অবস্থিত ‘আনোয়ার এন্টারপ্রাইজ’-এ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভেজাল ডিজেল উৎপাদন, অবৈধ বিপণন এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা। তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এইচ এম জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।











