টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, ইউএনডিপির সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো (Reduce), পুনঃব্যবহার (Reuse) এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (Recycle)-এর গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ‘ক্লিনিং ডে’ চালুর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহকারী ফেরিওয়ালা, ভাঙারিওয়ালা ও ভ্যানচালকদের সঙ্গে শিক্ষার্থী-শিক্ষকদের সংযোগ স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়, যাতে পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য প্লাস্টিক সহজেই পুনর্ব্যবহারযোগ্য শিল্পে পৌঁছানো যায়।
এছাড়া কলেজ কর্তৃপক্ষকে বর্জ্য পৃথকীকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীদের উৎসে বর্জ্য আলাদা করা এবং পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য উপকরণ পৃথকভাবে সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর অঙ্গীকার করানো হয়। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যত্রতত্র আবর্জনা না ফেলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালনের শপথ পাঠ করানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং প্লাস্টিক দূষণ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।











