ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে বিদ্যালয়ে না গিয়েই দীর্ঘ ২৩ বছর ধরে নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি বর্তমানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ বাসা থেকেই বিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সেলিমুজ্জান সেলু নিয়োগ পান। ২০০৩ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না।
এলাকাবাসীর দাবি, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রাখেন। পাশাপাশি তার বড় ভাই শাহ আলম তালুকদার দীর্ঘদিন বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, সেলিমুজ্জান সেলু শুধু প্রধান শিক্ষকই নন, তিনি ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। স্থানীয়রা বলছেন, একাধিক পদে থাকার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আচরণবিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রাজনৈতিক দলের পদে থাকতে বা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেন না। তবে অভিযোগ রয়েছে, তিনি সেই নির্দেশনা উপেক্ষা করে রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন করছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশেষ অনুষ্ঠান ছাড়া প্রধান শিক্ষককে বিদ্যালয়ে দেখা যায় না। অধিকাংশ দাপ্তরিক কাজ তিনি নিজ বাসা থেকেই পরিচালনা করেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং তদন্তের জন্য একাডেমিক সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, কোনো শিক্ষক রাজনৈতিক পদে থাকলেও দায়িত্ব পালনে অবহেলা করলে দল তার দায় নেবে না।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সেলিমুজ্জান সেলু বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি এসে কথা বলার আহ্বান জানান।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।











