খবর বাংলা ডেস্ক :
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নিহত আয়াতের বাবা সোহেল রানা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সীবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। তদন্তে জানা যায়, প্রতিবেশী আবীর আলী শিশুটিকে হত্যা করে মরদেহ খণ্ডিত করে সাগরে ফেলে দেয়।
ঘটনার তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে আবীর আলীকে একমাত্র আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিন জানান, মামলায় ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত ঘটনাটিকে পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর, নির্মম এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, রায়ের পর আয়াতের একটি আর্জেন্টিনার জার্সি পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তার বাবা বলেন, আয়াত আর্জেন্টিনা দল ও মেসির ভক্ত ছিল। বেঁচে থাকলে হয়তো আজও বিশ্বকাপের খেলা উপভোগ করত।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











