খবরবাংলা ডেস্ক :
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটনের ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) গভীর রাতে মধুখালী থানার সামনে অবস্থিত ‘লিটন ডেকোরেটর’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক ও মধুখালী পৌরসভার সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যান। পরে গভীর রাতে পাশের এক ব্যবসায়ীর ফোনে তিনি আগুন লাগার খবর পান।
তিনি বলেন, “শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও দ্রুত ঘটনাস্থলে এসে দেখি পুরো দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে লাইন বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে।”
লিটনের দাবি, দোকানে থাকা কাপড়, প্লাস্টিকের চেয়ার-টেবিল, বৈদ্যুতিক তার ও অন্যান্য দাহ্যসামগ্রী দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে। এতে তার প্রায় ২৭ বছরের পরিশ্রমে গড়ে তোলা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি বলেন, “দোকানের ভেতরে বিপুল পরিমাণ কাপড়, প্লাস্টিক সামগ্রী ও বৈদ্যুতিক উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











